1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার সমর্থন ওআইসি’র - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টে দুই ক্লিনিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার সমর্থন ওআইসি’র জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ইসরাইলের আসন্ন নির্বাচনে আরব সংখ্যালঘুরা অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা সংগ্রহে ঐতিহাসিক অভিযান শুরু করছে জাপান দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে: আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার সমর্থন ওআইসি’র

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার সমর্থন ওআইসি’র

আন্তর্জাতিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার পক্ষে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর সদস্য রাষ্ট্রগুলো। আইনি এই পদক্ষেপ দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের পথ উন্মোচন করতে সাহায্য করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরাকের বাগদাদে আয়োজিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) ৫২তম সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত ‘রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা বিষয়ক ওআইসি মন্ত্রীপর্যায়ের অ্যাড-হক কমিটি’র বৈঠকে এই সংহতি ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে সহ-সভাপতি হিসেবে বক্তব্য রাখার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন হুমায়ুন কবির। তিনি জোর দিয়ে বলেন, মানবিক এই সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক আইনি কাঠামোর মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। রোহিঙ্গা সংকটকে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে তিনি ওআইসি সদস্য দেশগুলোকে মানবিক সহায়তা বৃদ্ধি এবং চলমান আইনি লড়াই সমর্থনের জন্য সমন্বিত ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিশ্ব দরবারে বা বৈশ্বিক অগ্রাধিকারে যেন রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার বিষয়টি প্রাধান্য পায়, সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবচ্ছিন্ন যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থাপিত পাঁচ দফা কার্যপরিকল্পনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। কার্যপরিকল্পনার বিষয়টি উল্লেখ করে হুমায়ুন কবির জরুরি ও নির্ণায়ক আন্তর্জাতিক পদক্ষেপের— বিশেষ করে বিদ্যমান আইনি কাঠামোর আওতায় ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে রোহিঙ্গাদের সঙ্গে তাদের এই সংহতিকে সুনির্দিষ্ট উদ্যোগে রূপান্তর করার আহ্বান জানান, যাতে সংকটের টেকসই সমাধান ত্বরান্বিত করা যায়।

বৈঠকে ওআইসি সদস্য দেশগুলো আইসিজে-তে চলমান মামলার প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে এবং বিচারিক এই প্রক্রিয়া দীর্ঘস্থায়ী সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে। রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থায়ী সমাধানের সম্ভাবনাকে এগিয়ে নিতে সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টার গুরুত্বও সভায় তুলে ধরা হয়। উল্লেখ্য, মিয়ানমার থেকে নির্মম নির্যাতনের মুখে পালিয়ে আসা ১৪ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ এবং একই সঙ্গে এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com