1. admin@thedailyagnikontho.com : admin :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ক্যাম্পাসে দিনব্যাপী নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। ভোর সাড়ে ৬টায় সূর্যোদয়ের সময় নতুন প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান ও শিক্ষক-কর্মকর্তারা। সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে জাকসু’র নেতৃবৃন্দ, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষ্যে জাবি উপাচার্য এক বাণীতে বলেন, বিজয় দিবস আমাদের মুক্তি, স্বাধীনতা ও জাতি হিসেবে আত্মপরিচয় দেওয়ার এক গর্বের দিন।

এই দিবসে আমাদের শপথ করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, ঐক্যবদ্ধ থাকা এবং বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার। তিনি আরও বলেন, আমাদের আরও শপথ নিতে হবে বিভাজনের রাজনীতি থেকে মুক্ত থাকার। সবার আগে দেশ এবং আপামর জনসাধারণের কল্যাণ ব্রতই হোক মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার। এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) সকাল ১০টায় বিজয় র‌্যালি ও মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করে। এর আগে সকাল ৭টায় জাকসু’র ক্রীড়া সম্পাদক মাহামুদুল হাসান কিরণের উদ্যোগে সাড়ে সাত কিলোমিটার ‘ভিক্টোরি ডে রান’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনালে বেগম সুফিয়া কামাল হল ৫-৩ গোলে নওয়াব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপাচার্য ড. কামরুল আহসান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন অনুষদের ডিন, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি, প্রক্টর, হল প্রভোস্ট, জাকসু’র ভিপি ও জিএস, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক এবং অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে বিকাল সাড়ে ৫টায় এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও দিবসটিতে বিভিন্ন ছাত্র সংগঠন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। পাশাপাশি আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবারও পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com