বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরে আসতে সম্মতি প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। আগামী ২০২৭ সালের শুরুর দিকে তিনি এই সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) কলম্বোর প্রেসিডেন্ট সচিবালয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান। এ সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রতিমন্ত্রী বলেন, তাঁদের রেখে যাওয়া সুদৃঢ় সম্পর্কের ভিত্তিকে আরও এগিয়ে নিতে এবং দুই দেশের বন্ধুত্বের পরিধি আরও গভীর করতে অত্যন্ত আন্তরিক প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের উচ্চ প্রশংসা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের পক্ষ থেকে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি গাছ রোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন।
এছাড়া সরকারের সামাজিক সুরক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষিবান্ধব ‘কৃষক কার্ড’ উদ্যোগের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়। সবশেষে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
Leave a Reply