শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামানের সঙ্গে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পরিচিতি ও নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম : সহযোগিতা ও উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের টিটিসি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের আয়োজনে এবং জনসংযোগ দপ্তরের টিচার ইনচার্জ ড. সাদ্দাম হুসাইনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ইমদাদুল হক উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষা, গবেষণা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সুশাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের সঙ্গে কার্যকর ও ইতিবাচক অংশীদারিত্ব গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত চলমান কাজের অগ্রগতির বিবরণ, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অতীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশ্নবিদ্ধ নিয়োগ এবং ভবিষ্যতে করণীয় বিষয় সম্পর্কে আলোকপাত করেন।
উপাচার্য তার বক্তব্যে আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করেন। উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা বক্তব্য রাখেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে উপাচার্যকে অবগত করেন।
এ সময় বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা সংবাদদাতা মো. তানভীর হায়াত খান, বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভির জেলা প্রতিনিধি আলপনা বেগম, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল, দৈনিক ইনকিলাবের সাংবাদিক এ কে এম আবদুল্লাহ, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি রানা আকন্দ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি জাহিদ হাসান, এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস, দৈনিক আমার সংবাদের সাংবাদিক গোলাম কিবরিয়াসহ অনেকে।
Leave a Reply