মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বাংলাদেশের নদী ও সমুদ্রের বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছের স্বাদ ও বৈচিত্র্য বিশ্ববাজারে পরিচিত করাতে পারলে শুধু মৎস্যজীবীদের আয় নয়, দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। সোমবার চট্টগ্রামে মৎস্যজীবীদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু মাছের উৎপাদন বাড়ালেই হবে না, এর স্বাদ ও গুণগতমান নিশ্চিত করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষপদ্ধতি এবং মৎস্যজীবীদের দক্ষতা বাড়াতে হবে। দেশে ও বিদেশে কোন প্রজাতির মাছের চাহিদা বেশি, তা বিবেচনায় নিয়ে উৎপাদন পরিকল্পনা করতে হবে।
মৎস্যজীবীদের অবদানের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা মাছ আহরণ করেন। তাদের পরিশ্রমে দেশের মানুষের আমিষের চাহিদার একটি বড় অংশ পূরণ হচ্ছে। মাছ আহরণে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে সেই দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে হবে।
Leave a Reply