বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে বর্তমানে জন্মহার হ্রাস ও অভিবাসনের যে ধারা চলছে, তা অব্যাহত থাকলে আগামী ২০৬০-এর দশকের শুরুর দিকে দেশটির জনমিতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ব্রিটিশ জনসংখ্যাবিদ পল মরল্যান্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পল মরল্যান্ড ও ফিলিপ পিলকিংটনের যৌথভাবে লেখা নতুন বই ‘বাস্ট’ (Bust)-এ যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রমহ্রাসমান জন্মহারের দীর্ঘমেয়াদি সামাজিক ও অর্থনৈতিক প্রভাব তুলে ধরা হয়েছে।
পল মরল্যান্ডের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে বর্তমানে নারীপ্রতি জন্মহার প্রায় ১ দশমিক ৪, যা একটি দেশের জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখার আদর্শ হার ২ দশমিক ১-এর চেয়ে অনেক কম। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৫০ বছরে দেশটির স্থানীয় জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে বলে তিনি মত দিয়েছেন। তাঁর মতে, যেকোনো জনগোষ্ঠীর নিজস্ব জনমিতিক ধারাবাহিকতা বজায় রাখতে হলে স্থানীয়ভাবে জন্মহার বৃদ্ধির বিকল্প নেই।
প্রতিবেদনে জন্মহার কমে যাওয়ার অর্থনৈতিক ঝুঁকির দিকটি বিশেষভাবে তুলে ধরেছেন এই গবেষক। তিনি সতর্ক করে বলেছেন, জন্মহার হ্রাস পেলে কেবল জনসংখ্যার কাঠামোই বদলাবে না, বরং দেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাও বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে শ্রমবাজার সংকুচিত হবে, বিনিয়োগ কমবে এবং সরকারের রাজস্ব বা কর আদায়ের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। একই সঙ্গে প্রবীণ নাগরিকদের সংখ্যা বাড়লে সরকারের পক্ষে পেনশন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় বহন করা কঠিন হয়ে দাঁড়াবে, যা দীর্ঘমেয়াদে কল্যাণরাষ্ট্রের কাঠামোকে চাপে ফেলবে।
জনসংখ্যার এই ঘাটতি পূরণে কেবল বিদেশি কর্মী বা অভিবাসনের ওপর নির্ভরতাকে স্থায়ী সমাধান মনে করেন না মরল্যান্ড। তাঁর মতে, অভিবাসীদের জন্মহারও অল্প সময়ের মধ্যে স্থানীয়দের পর্যায়ে নেমে আসে। সমাজে সুষ্ঠু সমন্বয় বজায় রাখতে তিনি সুপরিকল্পিত অভিবাসন নীতি ও নিজস্ব সামাজিক মূল্যবোধ শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন।
এই জনমিতিক সংকট মোকাবিলায় আবাসন সুবিধা সহজলভ্য করা, শিশুর পরিচর্যার ব্যয় কমানো এবং কর্মক্ষেত্রের কাঠামো সংস্কার করে বড় পরিবার গঠনকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা রোবটিকস শ্রমিকের ঘাটতি কিছুটা মেটাতে পারলেও তা মানুষের সব ধরনের কাজের পূর্ণ বিকল্প হতে পারবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন এই জনসংখ্যাবিদ।
Leave a Reply