রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ লক্ষ্যে শিক্ষকদের আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। শনিবার (২১ নভেম্বর, ২০২৬) বিকেলে অনলাইন প্ল্যাটফর্মে ‘অ্যাপ্লাইড আইসিটি’ বিষয়ে দেশব্যাপী প্রথম পর্বের পাঁচ দিনব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমেই শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দেওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন। প্রশিক্ষণ সম্পন্নকারী মাস্টার ট্রেইনারদের প্রতি আহ্বান জানিয়ে প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, তাঁরা নিজ নিজ অঞ্চলে অন্যান্য শিক্ষককে ইন-হাউস প্রশিক্ষিত করার মাধ্যমে এই উদ্যোগকে সফল করে তুলবেন বলে তিনি আশাবাদী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের কারিগরি সহযোগিতায় স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রণীত ‘অ্যাপ্লাইড আইসিটি’ বিষয়ের ওপর এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। গত ১৭ নভেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী—এই ছয়টি ভেন্যুতে একযোগে ১৮০ জন শিক্ষক পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. সরদার মো. কেরামত আলী এবং শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রোকেয়া পারভীন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
Leave a Reply