শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাম্প্রতিক সময়ে বিমানের উড়োজাহাজে সংঘটিত বিভিন্ন কারিগরি ত্রুটি পর্যালোচনা করে বলেছেন, বিমানের যান্ত্রিক ত্রুটি সরাসরি জনগণের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই বিমানের সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে এ সকল ত্রুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর চেষ্টা করতে হবে।
এক্ষেত্রে বিমানের প্রশাসন ও প্রকৌশল বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ ও সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, মানবসৃষ্ট সমস্যার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়- এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া তিনি প্রি-ফ্লাইট ইন্সপেকশনে অধিকতর সতর্ক হওয়ার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিমান ও সিভিল এভিয়েশন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সাফিকুর রহমান এবং মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply