বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
জাতীয় বাজেটে নানামুখী আর্থিক চাপ থাকা সত্ত্বেও শিশুদের কল্যাণ, শিক্ষা ও সুরক্ষায় বিনিয়োগ সুরক্ষিত এবং সম্প্রসারিত করার জন্য এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল’ আয়োজিত এক উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট : অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক এই সংলাপের ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস : কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অফ এশিয়াস ফিউচার’ প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন মাহ্দী আমিন। তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা খাতে বিনিয়োগ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় করা ব্যয় কোনো সাধারণ খরচ নয়; বরং এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের সবচেয়ে ফলপ্রসূ বিনিয়োগ।
অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও বিকাশের পথ সংকুচিত না করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, এশিয়ার ভবিষ্যৎ গঠনের কেন্দ্রে শিশুদের রেখেই প্রতিটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও আত্মমর্যাদাশীল সমাজ বিনির্মাণের জন্য আজকের শিশুদের মেধা ও মননের সঠিক বিকাশ নিশ্চিত করা অপরিহার্য। তাই স্বল্পমেয়াদি হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে শিশুদের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
উল্লেখ্য, মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের চিফ প্রোগ্রাম ডেলিভারি অ্যান্ড ইমপ্যাক্ট অফিসার গ্যাব্রিয়েলা ওয়াইজম্যানের সঞ্চালনায় সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক আরশাদ মালিক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের উপপ্রধান নির্বাহী প্যাট্রিক হেইডেন।
এছাড়া আঞ্চলিক এই সংলাপে নেপালের শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী সস্মিত পোখরেল, নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত রেলিন সিয়ালে তাগালোয়া লিউফালানি, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ই. এ. এস. বিজয়ন্তী এদিরিসিংহে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হারি প্রাবোয়ো, ইন্টার পার্লামেন্টারি স্পিকারস কনফারেন্সের মহাসচিব এক নাথ ঢাকাল এবং চীনের ন্যাশনাল সেন্টার ফর চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডপশনের পরিচালক নি চুনশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও শিশু অধিকারকর্মীরা অংশ নেন।
Leave a Reply