মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, একটি শিক্ষিত ও উন্নত জাতি গঠনের জন্য শিশুদের যথাযথভাবে গড়ে তোলা জরুরি এবং দেশের ভবিষ্যৎ অগ্রগতি নির্ভর করে শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ বেড়ে ওঠা ও মানসম্মত শিক্ষার ওপর। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলডিসি প্রাঙ্গণে ‘অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, কোনো শিশুই যেন মূল ধারার উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে বিশেষভাবে যত্নশীল ও সচেতন থাকতে হবে।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১৬টি এলডিসি শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ময়মনসিংহ ক্লাস্টার এই সমাবেশের আয়োজন করে। লোকাল সেন্টার কমিটি (এলসিসি) বিরিশিরি বিডি-৪০২ প্রকল্পের সভাপতি রেভা. স্টিফেন আশীষ রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ অঞ্চলের শিশুদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিক-সামাজিক মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে রেভা. স্টিফেন আশীষ রেমা বলেন, প্রতিটি শিশুই সম্ভাবনা নিয়ে জন্ম নেয় এবং তাদের বিকাশের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রয়োজন; সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের (জিবিসি) নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
সমাবেশ শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অপর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ওই অনুষ্ঠানে তিনি জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা ও হুইলচেয়ার এবং অসচ্ছল ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পাশাপাশি তিনি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেন এবং তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
Leave a Reply