1. admin@thedailyagnikontho.com : admin :
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা

ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা

ভোলা জেলায় আজ শনিবার দিবাগত রোববার রাত থেকেই ইলিশ ধরতে নদীতে নামবেন জেলেরা। ইলিশ প্রজনন মৌসুমের দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও এখানকার মাছের ঘাটগুলো সরব হয়ে উঠছে। প্রাণচাঞ্চল্য ফিরছে নদীরঘাট ও হাটবাজারে। ভোলার মেঘনা, তেতুলিয়া, কালাবাদর, বেতুয়া, বুড়াগৌরাঙ্গা আর ইলিশা নদীতে এরই মধ্যে মাছ ধরার প্রস্তুতি নিয়েছেন জেলার প্রায় ৩ লাখ জেলে। আর মাছ শিকারের জন্য জাল, নৌকা ও ট্রলারসহ বিভিন্ন উপকরণ প্রস্তুত ও মেরামত করেছেন তারা। জেলেদের আশা, দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে কাঙ্খিত ইলিশ শিকার করে ধার-দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়াবেন তারা।

আজ শনিবার দুপুরে ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক জেলেপাড়ায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই এলাকার জেলেপল্লীর জেলেরা নদীতে ইলিশ শিকার করার প্রস্তুতি নিচ্ছেন পুরোদমে। মাছ শিকারের জন্য কেউবা নতুন জাল কিনে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন। অনেকে আবার নতুন ট্রলার ও নৌকা তৈরি করেছেন। অনেককে দেখা গেছে পুরাতন জাল, নৌকা ও ট্রলার মেরামত করতে। জেলেরা জানান, আজ শনিবার দিবাগত রাত ১২ টার পর নদীতে নামবেন তারা। সেখানকার মাছঘাট এলাকার জেলে হারিস মাঝি, বাহালুল, নুরনবী ও হামিদ মাঝির সাথে কথা হলে তারা বলেন, সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ শিকারের জন্য প্রস্তুত রয়েছেন।

ইতোমধ্যে তারা ধার-দেনা ও ঋণ নিয়ে নতুন করে জাল কিনে ও পুরাতন ট্রলার মেরামত করেছেন। নদীতে গিয়ে কাঙ্খিত ইলিশ শিকার করে সকল ধার-দেনা ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন এমনটাই আশা তাদের। ভোলা সদরের তুলাতুলি জেলেপল্লীতে গিয়ে কথা হয়, বশির মাঝি, আদম আলী ও সাইফুল মাঝির সাথে। তারা জানান, নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে ২৫ কেজি করে চাল পেয়েছেন। আর সব কিছুই কিনতে হয়েছে ধার দেনা করে। আয়-রোজগার বন্ধ থাকায় চরম বিপাকে পড়তে হয়েছে তাদের। নিষেধাজ্ঞার সময় এনজিওর কিস্তিও পরিশোধ করতে পারেননি তারা। এখন কাঙ্খিত ইলিশ আহরণ করতে পারলে দেনা শোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন।

জেলেরা এটাও আশঙ্কা করছে যে, নিষেধাজ্ঞা শেষে যদি গিয়ে নদীতে আশানুরুপ পরিমাণ ইলিশ না পান তাহলে গত বছরের মত এবারও কষ্টের দিন কাটাতে হবে তাদের। দেনা পরিশোধ করতে না পারলে পালিয়ে বেড়াতে হবে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মে. ইকবাল হোসেন বাসস’কে জানান, নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে গিয়ে কাঙ্খিত পরিমাণ ইলিশ শিকার করবেন এবং বিগত দিনের ধার দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়াবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি জানান, নিষেধাজ্ঞার ২২ দিনে ভোলার সাত উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে ২ শতাধিক জেলেকে আটক ও বিপুল পরিমাণ ইলিশ এবং জাল জব্দ করা হয়েছে। এরমধ্যে শতাধিক জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ভোলার মৎস্য অভয়ারণ্যটি ইলিশের প্রধান প্রজননকেন্দ্র হওয়ায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত এখানকার মেঘনা, তেতুলিয়া, কালাবাদর, ইলিশা এবং তৎসংলগ্ন শাখা নদীগুলোতে ইলিশসহ সব ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। ভোলার সাত উপজেলায় বেসরকারি হিসেবে প্রায় ৩ লাখ জেলে রয়েছে। এরমধ্যে সরকারিভাবে নিবন্ধত জেলের সংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার। জেলার মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, এবার ইলিশ প্রজনন মৌসুমে সরকার যেভাবে ‘মা’ ইলিশ রক্ষায় টাস্কফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়েছে, তাতে নদীতে প্রচুর পরিমাণ ইলিশের পাশাপাশি অন্যান্য প্রজাতির মাছ মিলতে পারে জেলেদের জালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com