1. admin@thedailyagnikontho.com : admin :
বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা - দৈনিক অগ্নিকন্ঠ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ :
আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায় সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রাথমিক প্রতিমন্ত্রী বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছপা হবে না: এটিএম আজহারুল পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা

বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা

অস্ট্রেলিয়ার স্বনামধন্য ইউনিভার্সিটি অব ক্যানবেরা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশে তাদের একটি শাখা ক্যাম্পাস স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির আট সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল গতকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব করেন। আজ ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাসান উজ জামানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইউজিসি ভবনে বৈঠক করেন।

প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাছান, ইউনিভার্সিটি অব ক্যানবেরার উপাচার্য ও প্রেসিডেন্ট প্রফেসর দি অনারেবল বিল শর্টেন, ডেপুটি উপাচার্য ও ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর মাইকেল লিংকন, চিফ গ্লোবাল এনগেজমেন্ট অফিসার ড. ফিওনা রিচার্ডসসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ধরনের উদ্যোগ উচ্চশিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সংযোগ আরো জোরদার করবে।’ তিনি বিদ্যমান বিধি-বিধানের আলোকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশনের উন্নয়নে কমিশন বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে। বৈঠকে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত এই শাখা ক্যাম্পাসটি সফলভাবে স্থাপিত হলে বাংলাদেশের শিক্ষার্থীরা নিজ দেশেই বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে।

বিশেষ করে বর্তমান বিশ্বের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডাটা এবং মেশিন লার্নিংয়ের মতো আধুনিক বিষয়গুলো শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ইউনিভার্সিটি অব ক্যানবেরার উপাচার্য প্রফেসর বিল শর্টেন বলেন, শাখা ক্যাম্পাসটি স্থাপিত হলে এ দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষায় সরাসরি প্রবেশের সুযোগ পাবে, যা উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে মাইলফলক হিসেবে কাজ করবে। অ্যাকাডেমিক ও প্রশাসনিক মানদণ্ড বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

মেজর জেনারেল মো. হাসান উজ জামান বলেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা মানসম্পন্ন উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির অনন্য সুযোগ পাবেন। সভায় ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামসহ কমিশনের বিভাগীয় পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠকে অ্যাকাডেমিক বিনিময়, গবেষণা সহযোগিতা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পথ সুগম করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com