রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
বেকারির খাদ্যদ্রব্যে ক্ষতিকর ও অনুমোদনহীন কৃত্রিম রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে কুমিল্লায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২১ নভেম্বর, ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায় এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে সংশ্লিষ্ট বেকারিগুলোতে তৈরি কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু, মিষ্টি ও সিঙ্গারায় খাদ্য-বহির্ভূত ও নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করতে দেখা যায়।
এই অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এই অভিযান পরিচালনা করেন।
এ সময় জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
Leave a Reply